করোনা উপসর্গ নিয়ে ডা. আশরাফুজ্জামানের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. আশরাফুজ্জামান নামে অবসরপ্রাপ্ত সরকারি এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসকসহ অসংখ্য চিকিৎসকের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক এই চিকিৎসক শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তিনি মৃত্যুবরণ করেন।

সারাদেশে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি স্মৃতিচারণ করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট শুরুর প্রথম দিকে যে কয়েকজন চিকিৎসক অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন আশরাফুজ্জামান ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ প্লাস্টিক সার্জনকে হারালো।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে ডা. সেন বলেন, যতদূর শুনেছি তিনি গত রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর করোনা পরীক্ষা হয়েছিল কি না, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেননি বলে জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর