নারায়ণগঞ্জে সাংবাদিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে এক ফটো সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাংবাদিকের নাম জিয়াউল হক জিয়া (৪০)।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

নিহতের পরিবারের দাবি, মানসিক হতাশা থেকে মাদকাসক্ত হয়ে জিয়া আত্মহত্যা করেছেন। গত ছয় মাস যাবত পারিবারিক অশান্তির কারণে মানসিক হতাশায় ভুগছিলেন জিয়া।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মামুন পরিবারের বরাত দিয়ে জানান, প্রচণ্ড নেশাগ্রস্থ অবস্থায় গত চার দিন আগে মা ও স্ত্রীর সাথে ঝগড়া করে ওই সময় আত্মহত্যার চেষ্টা করে জিয়াউর রহমান শান্ত। লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর পর নিহতের পরিবার ও এলাকাবাসীর অনুরোধে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য প্রশাসনের অনুমতি প্রার্থনা করেছেন।

ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে ।

রাত ১০ টায় স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে জিয়ার মরদেহ কাশীপুর ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে বলে তার ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর