প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি তিনি।
মঙ্গলবার (১৬ জুন) সকালে এক টুইটবার্তায় স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
টুইটে সত্যেন্দর জৈন লিখেন, ‘গত রাত থেকেই প্রবল জ্বরে ভুগছি। অক্সিজেনের মাত্রাও হঠাত্ কমে গেছে। RGSSH-এ ভর্তি হয়েছি। সবাইকে আপডেট জানাব।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে অংশ নেন সত্যেন্দ্র জৈন। এরপরই প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার। সোমবার রাতেই দিল্লির রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন সকালে তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়।
সত্যেন্দ্র জৈন আম আদমি পার্টির একজন জনপ্রিয় নেতা। তার সুস্থতার কামনায় হিন্দিতে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সত্যেন্দ্র জৈনকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনি নিজের যত্ন না নিয়েই দিন-রাত ২৪ ঘণ্টা জনসাধারণের সেবা করে চলেছেন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।