ঢাকার ধামরাই উপজেলায় পৌরসভা সহ আরও ৬টি ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হলেও সাভার উপজেলায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের থেকে এরকম কোনো ঘোষণা আসেনি। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এর কাছে এব্যাপারে জানতে চাইলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন তিনি।
এব্যাপারে সাভারের ইউএনও এবং সাভার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি পারভেজুর রহমান জানান, সাভারের এলাকাভিত্তিক কোনো ‘রেড জোন’ ঘোষণার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদাও বার্তা বাজারকে ‘রেড জোন’ ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন।
তবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাভার উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি এলাকাকে ইতোমধ্যে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ ও স্ট্যাটাস আপডেট করায় সাভারবাসীর ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় এই প্রতিবেদনের মাধ্যমে এই রিপোর্ট লেখা পর্যন্ত সাভারের ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্যের মাধ্যমে বিষয়টি পরিস্কার হলো।
এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা মঙ্গলবার (১৬ জুন) জানান, ধামরাই পৌরসভা, আমতা ইউনিয়ন, সানোড়া, সুতিপাড়া, সোমভাগ, ভাড়ারিয়া ও ধামরাই ইউনিয়নকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ গত ১১ জুন, ২০২০ এর তথ্য অনুযায়ী উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৯৭৯ জনের। এদের ভিতর মোট আক্রান্তের সংখ্যা ৬৬১ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ২১ জন বলে জানা যায়।
অপরদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গত ১৩ জুন, ২০২০ তারিখের তথ্য অনুযায়ী এই উপজেলায় মোট ২৮৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এবং এদের ভিতরে মোট ৬ জনের মৃত্যু ঘটেছে।