পুলিশের ব্যক্তিগত অপরাধের দায়ভার তাকেই বহন করতে হবে: আইজিপি

পুলিশ সদস্যদের ব্যক্তিগত অপরাধ ও শৃঙ্খলা ভঙ্গের দায় নিজদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে মঙ্গলবার (১৬ জুন) তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তিনি করোনায় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। যারা অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

আইজিপি বেনজির আহমেদ বলেন, পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায়ভার তাকেই বহন করতে হবে।শাসন ও সোহাগের সমন্বয় করে আমাদের এগিয়ে যেতে হবে। ভালো কাজ করলে স্বীকৃতি ও উৎসাহের পাশাপাশি মন্দ কাজ করলে কঠোর ব্যবস্থা নিতে কার্পণ্য করা হবে না।

‘পুলিশকে দুর্নীতিমুক্ত হতে হবে’ উল্লেখ করে আইজিপি বলন, পুলিশ সদস্যরা কোনোভাবেই কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যারা অবৈধ অর্থ উপার্জন করে বড়লোক হতে চান, বাংলাদেশ পুলিশ তাদের স্থান নয়। তারা পুলিশের চাকরি ছেড়ে বাড়ি গিয়ে ব্যবসা করে বড়লোক হওয়ার চেষ্টা করতে পারেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর