টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

মঙ্গলবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর কাছ থেকে ২’শত টাকা করে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আজাহারুল ইসলাম টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পাকুটিয়া ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের কাছ থেকে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ২’শত টাকা করে উত্তোলন করেছেন। তিনি ইউনিয়ন পরিষদের চৌকিদারের মাধ্যমে এ কাজ করেন।

এর আগেও নতুন কার্ডধারীদের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেন। এ ব্যাপারে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে কার্ডধারীদের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। কিন্তু তারপরও অনেককে টাকা ফেরত দেয়া হয়নি।

গত ২৭ মে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। জেলা প্রশাসক স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক শরিফ নজরুল ইসলামকে তদন্ত করার নির্দেশ দেন। গত ১৫ জুন তিনি তদন্তের জন্য সাক্ষীদের শুনানী গ্রহণ করেন। কিন্তু প্রত্যক্ষ সাক্ষীদের শুনানীর জন্য ডাকা হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একইসঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম খান। উল্লেখ্য ইতিপূর্বে নাগরপুর পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্নসাতসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক আমার সংবাদ, স্থানীয় দৈনিক মজলুমের কন্ঠ, অনলাইন নিউজ পোর্টাল পূর্বকন্ঠ ডট কম ও বিবিসি সংবাদ ডট কম এ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সে বিষয়টি সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর