সম্পত্তি কেড়ে বৃদ্ধা মাকে রক্তাক্ত করে তাড়িয়ে দিল সন্তানরা

কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে ৭০ বছর বয়স্ক বৃদ্ধা মাকে মেরে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১ টা্র দিকে উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। নির্যাতিত সেই মায়ের নাম হোসনে আরা।

লাঞ্ছিত বৃদ্ধা জানান, তার স্বামীর জমিজমার অভাব ছিল না। সেখান থেকে কোটি টাকা মূল্যের সম্পত্তি তার নিজের নামে লিখে দিয়ে গেছেন তার স্বামী। তার ছেলেরাও পৈত্রিক সম্পত্তি পেয়েছেন। কিন্তু নিজের নামে লিখে দেয়া সম্পত্তির জন্য তা দুই ছেল হাজী মঞ্জু মিয়া (স্থানীয় ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি) ও মোফাজ্জল হোসেন জোরপূর্বক অত্যাচার চালায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার ছোট ছেলে মোফাজ্জলের কাছে খাবার চাইলে সে আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এক পর্যায়ে আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং বাসা থেকে বের করে দেয়।

এ বিষয়ে স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলী বলেন, বৃদ্ধা আমার কাছে এসেছিলো ত্রাণের জন্য। তখন তার ছেলেদের ঐ এলাকার ত্রাণ লিষ্টে ওনার নাম দিতে বলেছিলাম। ছেলেরা দেয়নি।

স্থানীয় কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবো। তবে আমি খোঁজ নিচ্ছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর