উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার সরকারি একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন।

সাঈদ হায়দার জানান, কিছুক্ষণ আগে নমুনা পরীক্ষার ফল পেয়েছি। উনার পজিটিভ এসেছে। উনার শ্বাসকষ্ট নেই,তবে জ্বর ও কাশি রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও সাঈদ জানান।

উপাধ্যক্ষ শহীদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে উল্লেখ করে ব্যক্তিগত সহকারী বলেন, ‘গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিলে আমরা উনাকে সিএমএইচে স্থানান্তর করবো।’

উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা উপসর্গ নিয়ে গত রবিবার (১৪ জুন) গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, রবিবার উপাধ্যক্ষ শহীদের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দেননি। আলহামদুলিল্লাহ স্যার সুস্থ আছেন। তিনি দেশবাসী এবং শ্রীমঙ্গল -কমলগঞ্জের সবার কাছে দোয়া চেয়েছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর