এলাকাবাসীর বহু প্রতীক্ষার সদ্য নির্মিত রাস্তার কার্পেটিং ধরে টান দিলেই উঠে আসছে হাতে। ক্ষুদ্ধ এলাকাবাসী এর প্রতিবাদ করতে গেলে উল্টো ঠিকাদারের হুমকির মুখে পড়ে যান।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ-মথুরাপুর এলাকায়।
এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে হোসেনাবাদ স’মিল পাড়া থেকে মথুরাপুর গোহাট পর্যন্ত এই ১.৭ কিলোমিটার রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৯ লাখ ২৭ হাজার ২৭৬ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তাটির নির্মাণ শেষ করতে পারেনি ঠিকাদাররা। তরিঘড়ি করে নিম্ন মানের উপকরণ দিয়ে কোনোক্রমে শেষ করা হয়েছে কাজ।
যার প্রেক্ষিতে স্থানীয় লোকজন এলজিইডির নির্বাহী প্রকোশলীর (কুষ্টিয়া) কাছে অভিযোগ করেন। সরেজমিনে তদন্তের জন্য দৌলতপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার সোমবার (১৫ জুন) সংশ্লিষ্ট রাস্তার কাজ দেখতে যান। তখন প্রকৌশলীর সাথে থাকা ঠিকাদারের লোকজন প্রতিবাদকারীদের হুমকি-ধমকি দেন।
এলাকাবাসী জানায়, টিটু এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে এ রাস্তার কাজ পায়। তবে ওই প্রতিষ্ঠান পরে নাসির উদ্দিন নামে এক ঠিকাদারকে কাজ বাস্তবায়নের দায়িত্ব দেয়।
এ বিষয়ে ঠিকাদার নাসির উদ্দিন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান টিটু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী টিুটু তার চাচা হন। তারা যৌথভাবেই এ সড়ক নির্মাণের কাজ করছেন। দৌলতপুর উপজেলা প্রকৌশলী নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখছেন। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।
তবে দৌলতপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার জানান, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর তিনি নিজে এলাকায় গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। সেখান থেকে নমুনা সংগ্রহ করে জেলা অফিসে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বার্তাবাজার/এসজে