মাদক ও অর্থপাচারের অভিযোগে আটক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানা বিশ্বাস হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ থেকে জামিন পেয়েছেন। তবে জামিনে তাকে পাসপোর্ট জমা দেয়ার শর্ত জুড়ে দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ।
আজ (মঙ্গলবার) তিনি এই জামিনের আদেশ পান।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাহিদ সুলতনা যুথী ও শাকিলা রওশন।
দুদুকের আইনজীবি খুরশীদ আলম খান বলেন, পাসপোর্ট জমা দেয়ার শর্তে পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে। দুদক এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও মাদকসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ। এছাড়া তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়।
বার্তাবাজার/এসজে