ফেনীতে নতুন করে ৪৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের করোনা নমুনা পরীক্ষাগার থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ২৫ জন, সোনাগাজীতে ১৩ জন, দাগনভূঞায় ৮ জন, ছাগলনাইয়ায় ১ জন ও ফুলগাজীতে ১১ জন রয়েছে। গতকাল নতুন করে ২২১টি নমুনা পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত ফেনীতে ৫৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ফেনী জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক জানান, ফেনীর ৬টি উপজেলায় এ পর্যন্ত ৫৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২১ জন। মারা গেছে ১১ জন। বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৮ জন। ১০ জনের অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র পাঠানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ফেনীতে করোনা উপসর্গে আক্রান্ত ৪ হাজার ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এর বিপরীতে পরীক্ষাগার থেকে ২ হাজার ৯৯৯ জনের ফলাফলে ৫৬৩ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। ১০২৩টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে।
কে.এ.স/বার্তাবাজার