ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে মাদকের আসর থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেপ্তার করে।
উপজেলা সোহাগী ইউনিয়টি মাদকের আখরা হিসেবে পরিচিত। ইউনিয়নটির বৃকাঁঠালিয়া গ্রামের মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির ঘরে নিয়মিত মাদকের আসর বসতো। সেই আসরে আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তিরও যাতায়াত ছিলো। গোপন সূত্রে পুলিশের কাছে মাদকের আসরের খবর আসে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে মাদকের আসরটির খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো.মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে যায়। মাদকের আসর বসানো ঘরটিতে গিয়ে মদকসেবনরত অবস্থায় চারজনকে পায় পুলিশ। ওই সময় আগ্নেয়াস্ত্রবহন করা বিল্লাল মিয়া (৪০) কোনো উপায়ন্তু না পেয়ে হাতের কাছে থাকা দা’ নিয়ে তাড়া করার চেষ্টা করে। এতে আসর থেকে পালিয়ে যায় বাড়ির মালিক মোহাম্মদ আলীসহ দু’জন।
ওই সময় আটক করা হয় বিল্লাল মিয়া ও মিলন মিয়া নামের দুই ব্যক্তিকে। বিল্লালের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। এছাড়া কিছু মাদকও সেখানে পাওয়া যায়। আটককৃত বিল্লালের বাড়ি গৌরীপুরের খালিয়াজুড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে। মিলনের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরহোসেনপুর গ্রামে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, গোপনসূত্রে আগ্নেয় অস্ত্রধারী ও মাদকের আসরের খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় অস্ত্র, ৫ রাউন্ড গুলি, মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কে.এ.স/বার্তাবাজার