চট্টগ্রামে ২১ দিনের কড়া লকডাউনে থাকবে উত্তর কাট্টলী

চট্টগ্রামে করোনার সংক্রমণ প্রতিরোধে ২১ দিনের কড়া লকডাউনে থাকবে নগরীর উত্তর কাট্টলী এলাকা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টার পর নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের ২০টি প্রবেশ পথের ১৪টি পথ বন্ধ থাকবে এবং বিশেষ প্রয়োজনের জন্য খোলা থাকবে ৬টি পথ বা সড়ক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা জানান, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে মঙ্গলবার (১৬ জুন) লকডাউনের কর্মপরিকল্পনা চসিক কনফারেন্স হলে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় করোনায় আক্রান্ত নগরীর বিভিন্ন এলাকা নিয়ে প্রয়োজনীয় দায় দায়িত্ব ও সিদ্ধান্ত আলোচনা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ (১৬ জুন) রাত ১২টা হতে উত্তর কাট্টলী ওয়ার্ডকে কড়া লকডাউনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

কড়া লকডাউনে চসিকের ব্যবস্থাপনায় কোভিড ও নন-কোভিড রোগীদের চিকিৎসা ও হাসপাতালে প্রেরণের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। লকডাউন এলাকায় অবস্থানকারী সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী সাধারণ ছুটির আওতায় থাকবেন। প্রতিদিন রিকশাভ্যানের মাধ্যমে ন্যায্য বাজার মূল্যে কাঁচা বাজার সরবরাহ করা হবে লকডাউন এলাকায়।

তিনি আরো জানান, মেয়র নাছির লকডাউনের আওতাধীন এলাকাবাসীদের ঘরে থেকেই নিজ নিজ ধর্মীয় রীতি রেওয়াজ পালন করার অনুরোধ জানিয়েছেন এবং যে কোন প্রয়োজনে চসিক’র কন্ট্রোল রুমে কল করে (০৩১-৪৩১৫১৩৬৮, ০৩১-৪৩১৫১৩৬৯, ০৩১-৪৩১৫১৩৭০, ০৩১-৪৩১৫১৩৭১, ০৩১-৪৩১৫১৩৭২, মোবাইল ০১৮১৯-০৫৬৮৪৪, ০১৮১১-৮৮৭০৮৪) স্বেচ্ছাসেবক দলের সহায়তা নেওয়ার পরামর্শ জানান।

উক্ত সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট সিও লে. কর্নেল মাহবুব, স্বাস্থ্য পরিচালক (চট্টগ্রাম) ডাঃ মোস্তফা খালেদ আহমদ, চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি, সিএমপি’র ডিসি মোহাম্মদ কামরুল ইসলাম, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন, চসিকের ডা. মোহাম্মদ আলী, প্রধান নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. সরোয়ার আলম সহ প্রমুখ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর