সাঈদীকে প্রধানমন্ত্রী দেখিয়ে কাল্পনিক ‘মন্ত্রিসভা’ গঠন, যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও ধর্মমন্ত্রীসহ মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ কয়েকটি পদে জামায়াতসহ ধর্মীয় আলোচক ও বিএনপি জোটের কয়েকজন নেতাদের নাম দিয়ে কল্পিত মন্ত্রীসভার ছবিযুক্ত চিত্র পোস্ট করায় আব্দুর রহিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রহিমের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া এলাকায়। সে ওই এলাকার নায়েব আলীর ছেলে।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ওই যুবক তার ফেইসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় দেলোয়ার হোসেইন সাঈদী, ধর্মমন্ত্রীর জায়গায় মিজানুর রহমান আজহারী, অর্থমন্ত্রীর জায়গায় আন্দালিব রহমান পার্থসহ মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ কয়েকটি পদে জামায়াত নেতাসহ তার মনগড়া নেতাদের নাম বসিয়ে কল্পিত মন্ত্রীসভার চিত্র একে ফেসবুকে পোস্ট দেয়।

সেখানে ওই যুবক লিখে, ‘এই ব্যক্তিরা যদি সরকার পরিচালনা করতো তাহলে কতই না ভাল হতো’। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার টাইমলাইনে এই পোস্ট করার পরপরই স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এক পর্যায়ে তারা বিষয়টি পুলিশকে জানালে সোমবার (১৫ জুন) গভীর রাতে দেবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন দেবীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক গোলজার হোসেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর