করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের নিম্ন আদালতে দায়িত্বরত ১৩ বিচারক ও ২৬ জন কর্মচারী। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন আরো ৪জন বিচারক।
আজ মঙ্গলবার(১৬ জুন) সকাল পর্যন্ত সারা দেশ থেকে সুপ্রিম কোর্টে পাঠানো তথ্যানুযায়ী এই পরিসংখ্যান জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সর্বপ্রথম নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির করোনায় আক্রান্ত হন। একইদিন মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমানও আক্রান্ত হন। বর্তমানে তাঁরা ২জনই সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
এই মুহূর্তে ঢাকার সিএমএইচ-এর আইসিইউতে চিকিৎসাধীন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। তাঁকে প্লাজমা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বেগম শামীম আহমেদ।
যেসব বিচারক নিজ বাসস্থানে চিকিৎসাধীন তাঁরা হলেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার, জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী, আইন ও বিচার বিভাগের উপসচিব এস মোহাম্মদ আলী, কুড়িগ্রামের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী, ডিপিডিসি-২ এর স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম রেজমিন সুলতানা, নেত্রকোনার সহকারী জজ মো. মেহেদী হাসান, চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমান এবং নোয়াখালী হাতিয়া চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন।
বার্তাবাজার/কে.জে.পি