করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১৭ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টাকে সহায়তা করতে নতুন করে ১৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি অর্থ সহায়তা দিচ্ছে।

সোমবার(১৫ জুন) আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জানান মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

মিলার বলেন, এ অর্থ দিয়ে ঢাকার নিম্নআয়ের মানুষ বসবাস করে এমন এলাকায় ১ লাখ গরিব মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়াও বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মসূচি জোরদার করতে এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির জন্য এই অর্থ ব্যয় করা হবে।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর যুক্তরাষ্ট্রের সরকার এ মহামারি মোকাবিলায় স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডিয়ের মাধ্যমে জরুরি স্বাস্থ্য, মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা কর্মকাণ্ডে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওদের ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ তহবিল বিশ্বের ১২০টিরও বেশি দেশে জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সুরক্ষা, এবং পরীক্ষাগার, রোগের সার্ভিল্যান্স ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়ার সামর্থ্য বাড়ানোর মাধ্যমে মানুষের জীবন বাঁচাবে।

যুক্তরাষ্ট্রের সরকার শুধু ইউএসএআইডিয়ের মাধ্যমেই বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলা কর্মকাণ্ডে প্রায় ৩ কোটি ৭০লাখ ডলার সহায়তা দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সরকার ইউএসএআইডিয়ের মাধ্যমে বাংলাদেশকে ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত ৭০০ কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা করেছে। ২০১৯ সালে ইউএসএআইডি বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচিতে ২ হাজার কোটি (২০০ মিলিয়ন) ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর