১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ জব্দ, কারখানা সিলগালা

বরিশাল নগরীতে নকল ওষুধ তৈরীর একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সেখানে জব্দ করা হয়েছে ১০ কোটি টাকা মূল্যমানের নকল ওষুধ ও বিভিন্ন সরাঞ্জাম। আটক করা হয়েছে জড়িত ২ জনকে।

আটককৃতরা হলেন, কারখানার মালিক মাসুম বিল্লাহ (২৭) ও কর্মচারী নূরে আলম (২৩)। তারা দু’জনই বাকেরগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, দেশের বিভিন্ন অঞ্চলে এই চক্রের সদস্যরা রয়েছে। বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী এলাকায় ভাড়া বাসায় ভেজাল ওষুধ তৈরি করে আসছিল তারা। অবৈধ এই কারখানায় তৈরি হতো এসিআই, কেমিস্ট, জেসন, গ্লোব ফার্মাসহ দেশি-বিদেশী ৭ থেকে ৮টি নামিদামি কোম্পানির ওষুধ। এসব ভেজাল ওষুধ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

তিনি আরও জানান, সোমবার (১৫ জুন) দুপুরে ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে মাসুম বিল্লাহ ও নূরে আলমকে কেমিস্ট ল্যাবরেটরিজের কার্টুনসহ আটক করা হয়। কার্টুনগুলো ঢাকা থেকে লঞ্চে করে বরিশালে আনা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান দেয় তারা।

এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে আটক ২ জনকে এক বছর করে কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানাটিও সিলগালা করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর