আবারও পাহাড়ে সংঘাত: ইউপি সদস্যকে গুলি করে হত্যা

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এই ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় ৫ নং ওয়ার্ডের সদস্য চাইনা ছাহ্লা মারমার নিজঘরে ঢুকে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলায় উরুতে গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুরুতর আহত চাইনা ছাহ্লা মারমাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। পরে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কুহালং ইউনিয়ন চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, সন্ধ্যার পরপরই ঘটনাটি ঘটেছে। পায়ের উপরের অংশে রানের মধ্যে গুলি লাগে। অস্ত্রধারী সন্ত্রাসীরা কারা বলতে পারছি না।

এদিকে গইত শনিবার গভীর রাতে রাজবিলা ইউনিয়নের বাঘমারা নিচের পাড়ায় গোলাগুলির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সংস্কার গ্রুপের ১৫-২০ সদস্য সশস্ত্র অবস্থানের খবর পেয়ে জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার সদস্যরা হামলা চালায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে বাঘমারায় গুলি বর্ষণের কোনো খবর পায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর