ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে নতুন করে আরো ১৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭২৭এ পৌঁছলো।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৬ জন এবং ৬১ থেকে ৭০ এর মধ্যে ২ জন। এছাড়াও ৪ বছর বয়সী একজন শিশু রয়েছেন।
নতুন শনাক্ত হওয়া ১৮ জনের ৫ জন জিনজিরা ও ৩ জন আগানগর ইউনিয়নের। এছাড়াও শুভাঢ্যা ও কলতিয়া ইউনিয়নে ২ জন করে এবং শাক্তা, রুহিতপুর, কোন্ডা, তেঘুরিয়া ও তারানগর ইউনিয়নে একজন করেসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পজিটিভ হয়েছেন।
এদিকে, মঙ্গলবার থেকে সারা দেশে জোন ভিত্তিক নির্দেশনা পালন করা হবে। এরই ধারাবাহিকতায় কেরাণীগঞ্জের জিঞ্জিরা, আগানগর, শুভাঢ্যা, কালিন্দী, শাক্তা, রোহিতপুর ও কোন্ডা ইউনিয়নকে রেড জোন ঘোষনা করা হয়েছে এবং ইয়োলো জোনের আওতায় রয়েছে কলাতিয়া, বাস্তা, তারানগর ইউনিয়ন। এছাড়া হযরতপুর ও তেঘরিয়া রয়েছে গ্রিন জোনে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এছাড়া আক্রান্তদের মধ্যে অধিকাংশই সরকারি কর্মকর্তা ও কর্মচারী, স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং সেচ্ছাসেবী।
বার্তা বাজার / এস.ডি.এম