সারাদেশে করোনা সংক্রমন মহামারির ভিতরে ‘ফ্রন্ট লাইন যোদ্ধা’ হিসেবে ডাক্তারদের পাশাপাশি পুলিশ এবং সাংবাদিকেরা নিজেদের দায়িত্ব পালন করা অবস্থায় করোনা পজিটিভ শনাক্ত হচ্ছেন। এই ধারাবাহিকতায় ঢাকার সাভারে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা হলো, তারা সকলেই চিকিৎসার মাধ্যমে করোনার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছেন!
আশুলিয়ার কৃতি সন্তান সমাজসেবক রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ সম্প্রতি করোনা যুদ্ধে বিজয়ী আশুলিয়া থানার অফিসার ইনচার্জসহ ওই সকল সাংবাদিকদের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (১৫ জুন) বিকালে তিনি এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার অপু ওহাব, সাংবাদিক এইচ. এম. হুমায়ুন কবির এবং সাংবাদিক ওমর ফারুকের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় শুভেচ্ছা উপহারস্বরূপ তিনি সকলকে পুষ্টিকর ফল প্রদান করেন। তবে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর সাথে দেখা না হওয়ায় রাজু আহমেদ তার শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়ে এসেছেন।
এব্যাপারে মুঠোফোনে রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ বার্তা বাজারকে জানান, দেশের এই ক্রান্তিলগ্নে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে সাংবাদিক এবং পুলিশ ভাইয়েরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, এজন্য তাদের প্রতি জাতির কৃতজ্ঞ থাকা উচিৎ। আর সাভারে যেসকল সাংবাদিক এবং পুলিশ কর্তব্যপালন করা অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হবার মাধ্যমে করোনাকে জয় করেছেন, আমি তাদের কর্তব্যনিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতেই আজ শুভেচ্ছা উপহার নিয়ে তাদের সাথে দেখা করেছি।
বার্তা বাজার / ডি.এস