রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার পাশে পড়ে থাকা মহিলাকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিল পুলিশ।
সোমবার দুপুরে একটি ফোনকলের মাধ্যমে ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানতে পারেন কলারোয়ার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর রাস্তার পাশে এক বৃদ্ধা মহিলা পড়ে আছেন। করোনা আতঙ্কে কেউ যাচ্ছেন না তার কাছে

তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর ইস্রাফিল হোসেন ও এএসআই তরুণকে পাঠান।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাস্তার পাশে ওই বৃদ্ধা মহিলাকে পড়ে থাকতে দেখেন। মহিলার নাম ফেরদৌসী, বয়স ৬০। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে খোঁজ খবর নিয়ে গণপতিপুরে বৃদ্ধা মহিলার বোনের মেয়ে শাহিদা খাতুনের খোঁজ পান। এরপর শাহিদার কাছে তাকে হস্তান্তর করেন।

এসময় ওসি’র পক্ষ থেকে ওষুধ কেনার জন্য কিছু অর্থ সহায়তা করা হয়।

এ ব্যাপারে হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন- ‘ঘটনাটি আমি প্রথমে শুনে ওসি সাহেবকে অবহিত করেছিলাম। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সাব ইন্সপেক্টরকে পাঠিয়ে বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে স্বজনদের কাছে হাতে তুলে দিয়েছেন।’

করোনা সন্দেহে মহিলার সঙ্গে আপনজনেরা এমন আচরণ করে থাকতে পারে বলেও জানান তিনি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘আমি দুপুরে বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর ইস্রাফিল হোসেন ও এএসআই তরুণকে পাঠিয়েছিলাম। মহিলাটিকে উদ্ধার করে তার বোনের মেয়ে শাহিদার হাতে তুলে দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন- ‘মহিলাটি অসুস্থ, কথা বলতে পারছেন না। এজন্য উনার কাছ থেকে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে, একজন বৃদ্ধা মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণে আমরা বিস্মিত হয়েছি।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর