কলারোয়ায় ঢাকা ফেরত যুবতীর করোনা শনাক্ত

এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ঢাকা ফেরত এক যুবতীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে উপজেলায় ১১জনের শনাক্ত হলেও ইতোমধ্যে ২জন করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত শনাক্ত ৯জন।

সোমবার বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর বালিয়াডাঙ্গার ওই যুবতীর বর্তমান অবস্থান করা পিতার বাড়িসহ ৪/৫টি বাড়ি ও দোকান লকডাউন করা হয়েছে।

নতুন শনাক্ত হওয়া যুবতি (২৩) বালিয়াডাঙ্গা বাজারের বাসিন্দা। তিনি ঢাকায় তার স্বামীর সাথে বসবাস করতেন। সম্প্রতি তিনি পিতার বাড়ি বালিয়াডাঙ্গা আসেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান- ‘গত ৪জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘ওই যুবতীর বর্তমান অবস্থান করা পিতার বাড়িসহ ৪/৫টি বাড়ি ও পার্শ্ববর্তী একটি ঔষধের দোকান লকডাউন করা হয়েছে। কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া থানা পুলিশের একটি ইউনিট বাড়িটি লকডাউন করেন। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর