করোনা রোগীকে যৌন হয়রানি করে চাকরি হারালেন ওয়ার্ডবয়

করোনায় কম্পমান সারা বিশ্ব। এর মাঝেও বিকৃত মানসিকতার কিছু মানুষ চালাচ্ছে তাদের অপকর্ম। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়ে ওয়ার্ডবয়ের বিকৃত লালসার শিকার হয়েছে এক নারী।

খুলনার নূরনগরে অবস্থিত করোনা ডেডিকেটেড হাসপাতালে এই ঘটনা ঘটে। পরে অভিযোগ প্রমাণীত হওয়ায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ওয়ার্ডবয় নজরুল ইসলামকে আজ (১৫ জুন) চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকেরা জানান, করোনা আক্রান্ত হয়ে এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় নজরুল দ্রুত সটকে পড়ে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, ওই রোগীকে সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওই ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে রোগী বা তার স্বজনরা লিখিত কোনো অভিযোগ দেয়নি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, সে যে অপরাধ করেছে এটা বড় ধরনের অপরাধ। নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। তাকে পুলিশে দেওয়া উচিত ছিল। মামলা যদি তার পরিবার না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর