বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম ও পীর হাবিবের ব্যাংক হিসাব অনুসন্ধান

জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবীবুর রহমানের ব্যাংক হিসাব অনুসন্ধান করেছে বাংলাদেশ ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট।

অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করা বাংলাদেশ ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে আলোচিত এই দুই সাংবাদিকের লেনদেনের সব তথ্য, কেওয়াইসি (নো ইওর কাস্টমার) ফর্মসহ হিসাব সম্পর্কিত সমস্ত তথ্য দেশের সব ব্যাংকগুলোর কাছে তলব করা হয়েছে।

ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিটের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, “হ্যাঁ, এটা ওপেন সার্চ করা হচ্ছে। আমরা সব ব্যাংকের কাছে তাদের দুজনের হিসাব সম্পর্কে সব ধরনের তথ্য চেয়েছি।”

এই কর্মকর্তা আরও জানান, “কোনও এজেন্সি বা কোনও সংস্থা থেকে চাইলে কিংবা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আমরা ওপেন সার্চে যাই। ওপেন সার্চ হলে সব ব্যাংকেই তথ্য চাওয়া হয়। আবার কখনো যদি সুনির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট সম্পর্কে সরকারের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি সংস্থা তথ্য চায়, তখন সুনির্দিষ্ট ওই ব্যাংকেই তথ্য চাওয়া হয়

তবে কোনো সংস্থা থেকে এইসব তথ্য চাওয়া হয়েছে তা তিনি ‘অতি গোপনীয়’ বলে জানাননি।

এ বিষয়ে কথা বলতে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

নির্বাহী সম্পাদক পীর হাবিব বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না, আপনার কাছ থেকে শুনলাম।”

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর