জাতীয় রাজনীতিবিদদের নিয়ে কটুক্তি, ইবি শিক্ষার্থী বহিষ্কার

সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে বর্ষীয়ান জাতীয় রাজনীতিবীদ, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল সম্পর্কে অশ্লীল, ব্যাঙ্গাত্মক, আপত্তিকর, প্রতিহিংসামূলক ও নৈতিক মূল্যবােধ পরিপন্থী বক্তব্য উপস্থাপন করে ধারাবাহিকভাবে কটুক্তি ও কুরুচীপূর্ণ স্ট্যাটাস প্রদান করায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামকে (জিকে সাদিক) বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত সাদিকুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ছাত্র।

সোমবার (১৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

ঐ অফিস আদেশে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন দৃঢ়হস্তে করােনা সঙ্কট মােকাবেলা করে চলেছেন এবং করােনায় মৃত ব্যক্তিদের জন্য দলমত নির্বিশেষে সকলে গম্ভীরভাবে শােকাহত তখন তার প্রদত্ত স্ট্যাটাস বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করে এবং যা বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির কারণ হতে পারে। তার এরূপ ধারাবাহিক গর্হিত কর্মকান্ডের জন্য তাকে বিশ্ববিদ্যালয়- এর ছাত্রত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলাে।

অফিস আদেশে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃংখলা বিধি মােতাবেক কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তার ব্যাখ্যা পত্র প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে রেজিস্ট্রার এর (ভারপ্রাপ্ত) ইমেইল এ প্রেরণের জন্য বলা হয়।

উল্লেখ্য, সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে সাদিকুল ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডি (GK Sadik) তে কটুক্তিপূর্ণ স্ট্যাটাস দেন।

স্টাটাসে অভিযুক্ত ওই শিক্ষার্থী লিখেন, “যেসব গাল খেচক ও দালাল বুদ্ধিজীবীরা বলেন যে, গত দশ বছরে সরকার উন্নয়ন করে দেশের অবস্থা আসমানে তুলে ফেলেছে। সেসব ‘চু*র ভাই’ বুদ্ধিজীবীদের বলি তােদের বাপ’ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম সরকারি হাসপাতাল রেখে বেসরকারিতে কেন চিকিৎসা নিতে গেছে? কেনো গেছে এইটা জানার পরও তাদের কথা বলার শক্তি নাই। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ অসভ্য প্রানী এই বুদ্ধিজীবী গুলো। রাজপথে সরকারের উন্নয়নের স্লোগান দেয়া প্রাণী গুলো এই পৃথিবীর শ্রেষ্ঠ কানা। তাদের জন্য কোনো কথা নাই। ”

অপর এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রী মােহাম্মদ নাসিমের মৃত্যুর চেয়ে আমাকে বেশি ব্যথিত করে যারা রাষ্ট্রের কোষাগারে অর্থের জোগান দেয় কিন্তু মরে বিনা চিকিৎসায়। অন্য দিকে সেই কোষাগার লুট করা ব্যক্তিগুলো পায় সর্বোচ্চ চিকিৎসা।’

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলে সাদিক তার পােস্টগুলাে সরিয়ে নিলেও ছাত্র শিক্ষক নির্বিশেষে সবাই তার যথোপযুক্ত শাস্তি দাবি করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর