পঞ্চগড়ে নার্সসহ আরও দুইজনের করোনা শনাক্ত

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও নারায়নগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মীসহ দুইজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে। সোমবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়,বোদা উপজেলার আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ফকির পাড়া গ্রামে। তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে চাকুরী করেন। তার বয়স ২৬ বছর। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে অবস্থান করছে। তবে তার অবস্থান করা কোয়াটারের ইউনিটটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসআইএম রাজিউল করিম রাজু।

উপজেলার আক্রান্ত আরেকজনের বাড়ি ঝলই শালশিরী ইউনিয়নের লাঙ্গল গ্রামে। তার বয়স ৩১ বছর। সে নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতো। গত ২৬ মে নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু গত ৬ জুন তার নমুনা নেওয়া হলেও ১০ জুন চাকুরী বাঁচাতে নারায়ণগঞ্জে তার কর্মস্থলে যোগদান করে। বর্তমানে সে করোনা পজিটিভ শোনার পর নারায়ণগঞ্জে তার ভাড়া বাসায় অবস্থান করছেন। পঞ্চগড় থেকেই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার চিকিৎসা সহায়তা ও পরামর্শ প্রদান করবে বলে জানিয়েছে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গত ০৬ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১৫ জুন তাদের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন এবং বর্তমানে তাদের করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৫৮ জনের নমুনা সংগ্রহ করার পর ১৬২২ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১১৪ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ১১৪ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ৩৪ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ১০ জন এবং দেবীগঞ্জে ৪৮ জন। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৬৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।

এদিকে করোনার উপসর্গে তেঁতুলিয়ায় ৫০ বছর বয়সী এক নারী, সদরে ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা ও ২২ বছর বয়সী এক যুবক,বোদায় ১৬ বছর বয়সী এক কিশোর ও দেবীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর