নাসিমকে কটুক্তি করে ফেসবুক স্ট্যাটাস, শাবিপ্রবি ছাত্রের নামে মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিইয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নামে মামলা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত শনিবার (১৩ জুন) অর্থনীতি বিভাগের ছাত্র মাহির চৌধুরী তার ফেসবুকে মোহাম্মদ নাসিমকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা এটার প্রতিবাদ করে শাস্তির দাবী করেন।

তার এ স্ট্যাটাস কুরুচিপূর্ণ উল্লেখ করে সোমবার (১৫ জুন) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অকিল উদ্দিন বলেন, ইশফাকুল হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি (মামলা নম্বর-৫) নথিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আমি বাদী হয়ে মামলা করেছি। দেশের এমন মহৎ ব্যক্তিকে নিয়ে কটূক্তি করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে।’

তবে বিশ্ববিদ্যালয় মামলা করার কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করছেন শিক্ষার্থীদের অনেকেই।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তানভির রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় মামলা করতে পারে যদি কেউ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জানমালের ক্ষতি করে বা বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থি কিছু করে থাকেন। মাহিরের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি বা এটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট না। তাহলে কোন ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হলো?’

এ বিষয়ে জানার জন্য প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ ও উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর