ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রৌশন আরার বিরুদ্ধে জেলা পরিষদ কর্তৃক বরাদ্ধকৃত প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনিয়ে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের নওশুতি বাজার জামে মসজিদের ঈদগাহ মাঠ উন্নয়নের জন্য ময়মনসিংহ জেলা পরিষদ ২০১৯-২০ অর্থবছরে ২ লাখ টাকার একটি প্রকল্প প্রদান করেন। প্রকল্প চেয়ারম্যান হন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রৌশন আরা বেগম। প্রকল্পের প্রথম কিস্তির ১লাখ টাকা উত্তোলন করেন। যার কোন কাজ করা হয়নি। ইতিপূর্বে ২০১৮-১৯ অর্থবছরে একই মসজিদের নামে ওই ইউপি সদস্য জেলা পরিষদের ২লাখ টাকার প্রকল্প নিয়ে প্রায় ৩০হাজার টাকার কাজ করে বাকী টাকা আত্মসাৎ করেন।
২০১৯-২০ অর্থবছরের প্রথম কিস্তির টাকা উত্তোলন করার পূর্বে লুৎফুল্লাহেল মাজেদ বাবু নামের একজন বিশিষ্ট ব্যবসায়ী নিজস্ব অর্থায়নে ঈদগাহ মাঠের কাজ করান। ওই কাজের উপর রাতের আধাঁরে জেলা পরিষদের নামফলক সাঁটিয়ে দেন ইউপি সদস্যের স্বামী। স্থানীয় মুসুল্লিরা দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। উদ্ভুত পরিস্থিতিতে ফলক সরিয়ে নিতে বাধ্যহন নারী ইউপি সদস্য। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়োছে।
এ বিষয়ে ইউপি সদস্য রৌশন আরা বলেন, গত ২০১৮-১৯ অর্থ বছরের প্রকল্পের ২ লাখ টাকার ভ্যাট ট্যাক্স বাদে প্রায় ৯০ হাজার টাকার কাজ করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের জেলা পরিষদের বরাদ্দকৃত ২লাখ টাকার কাজের পূর্বেই কমিটি মাজেদ বাবুর অনুদানের অর্থেই প্রকল্পে উল্লেখিত কাজ সম্পন্ন করেন। তাই কমিটির সাথে কথা বলে ২য় কিস্তির টাকা উত্তোলনের জন্য নামফলক লাগিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। এবিষয়ে জেলা পরিষদের সাথে কথা হয়েছে। এটি একটি বড় ধরণের দূর্নীতি।
বার্তা বাজার / ডি.এস