শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে আসাদুজ্জামান মার্কেটের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মানববন্ধন ও সমাবেশে জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুব আলম মিলন ,সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।
বক্তারা করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফ , ১বছরের বেতন-ফি মওকুফ , জেলা-উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষা এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস আই-সি-ইউ ভেন্টিলেশনের আয়োজন সহ পর্যাপ্ত চিকিংসা ব্যবস্থা সরকারি আয়োজনে বিনামূল্যে নিশ্চিত, অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরি করে এককালীন আর্থিক সহযোগীতা প্রদান করার আহ্বান জানান।
এছাড়া শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ ও স্বাস্থ্য খাতে ১৫ ভাগ বরাদ্দ, লক্ষ্মীপুরের হীরামনির ধর্ষক এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও যৌন নিপীড়ক গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলীর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।
বার্তা বাজার / ডি.এস