খানসামায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ৩০ জন উচ্চ মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) দুপুরের দিকে খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠী ৩০ জন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য সাইকেল বিতরণ করা হয়।

উপজেলার ডাঙাপাড়া এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ফিলিপ মূর্মূ বলেন, “সরকার আমাদের সাইকেল দিয়েছেন। আমরা এমনিতেই শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। সাইকেল পেয়ে আমরা নিয়মিত কলেজে যেতে পারব।”

ইউএনও আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন, “সমতালের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় স্কুল পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং ৩০ জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে সাইকেল বিতরণ করা হয়। যাতে তারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে না থাকে এবং সবাই বিদ্যালয়মুখী হতে পারে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালেও সবার কথাই ভাবছেন। কেউ যেনো কোন কিছু থেকে পিছিয়ে না থাকে সেজন্য সর্বদাই কাজ করে যাচ্ছেন। আজকে খানসামা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের হাতে যে উপহার বিতরণ করা হলো সেটা এই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের অনেক বেশি সহায়ক হবে।”

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর