সামাজিক দূরত্ব বজায় রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের বাকিয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার সকাল ১০টায় নিহত বাকিয়ার শেখের বাড়ীর সামনে এ মানববন্ধনে রূপাপাত ও বালুগ্রামের কয়েকশো নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে নিহত বাকিয়ার শেখের স্ত্রী বলেন, বাকিয়ার হত্যার হুকুমের আসামী মিজানুর রহমান মোল্যা গ্রেফতারের ১৫ দিন পরে কিভাবে জামিন পায়? জামিন পেয়ে অন্যান্য আসামীসহ আমার বসতবড়ির সামনে দিয়ে মোটর সাইকেলে শো-ডাউন করে।

রাস্তা থেকে চিৎকার করে আমাকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। মামলা তুলে না নিলে আমাকেসহ আমার এতিম তিন মেয়েকে হত্যাসহ বসতবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবী করছি।
বাকিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহতের কন্যা সানজিদা খানম ও লামিয়া খানম, চাচাতো ভাই মো. নুরুল ইসলাম, মন্টু ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, গত ১৯ মে দুপুরে বাকিয়ার শেখ রূপাপাত বাজার থেকে বাড়ি ফেরার পথে মোস্তাফ ফকিরের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মিজানুর রহমান মোল্যা ও ইলিয়াস মোল্যার নেতৃত্বে ১৯ জনের একটি সন্ত্রাসীদল তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বাকিয়ার শেখের মৃত্যু হয়।
কে.এ.স/বার্তাবাজার