বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনেআরা সিরাজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আজ (সোমবার) সকালে তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।
বর্তমানে সুস্থ আছেন হোসনেআরা সিরাজ। নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। সেখানেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসেবা নিচ্ছেন তিনি।ডা. আব্দুল মোমেন বলেন, ‘এটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি (করোনা সংক্রমণ)। কিন্তু অফিসিয়ালি এখনও পাইনি রিপোর্ট।
খুব সমস্যা না হলে তিনি বাসায় থাকবেন। সমস্যা দেখা দিলে বা হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে তিনি হাসপাতালে ভর্তি হবেন। তাঁর পরিবারের সিদ্ধান্ত নেয়ার একটা ব্যাপারও আছে।’
এ নিয়ে নড়াইলে আট জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আট চিকিৎসকসহ ২৩ জন পুরোপুরি সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।
করোনাভাইরাসের প্রকোপ সমগ্র দেশে বেড়েই চলেছে। গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই গড়ে তিন হাজারের বেশি মানুষ সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হলেও অসচেতনতা বেড়েই চলেছে দেশের মানুষের মাঝে।
কে.এ.স/বার্তাবাজার