সিলেটের উন্নয়নের জন্য কামরানকে মানুষ মনে রাখবে: রাষ্ট্রপতি

“প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেটের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরান যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সব সময় মনে রাখবে বলে জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১৫ জুন) এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারাল।

রাষ্ট্রপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামরানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য। এর আগে তিনি টানা ৩০ বছর সিলেটে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর তাৎক্ষণিক সিলেট পৌঁছায়। ভোররাত থেকে রাজনৈতিক নেতা-কর্মীদের মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনসহ সব মহলে শোকের ছায়া নেমে আসে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর