মেহেরপুরের গাংনী থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের আরেক সদস্য আব্দুস সামাদ আজাদকে (৩০) গ্রেফতার করেছে সিআইডি পুলিশের একটি দল।
সোমবার(১৫ জুন) ভোরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আব্দুস সামাদ আজাদ ধানখোলা ইউপির কসবা মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
সিআইডির ওসি হাসান ইমাম জানান, আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদের নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় একটি মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়।সে তার শ্বশুরবাড়ি ভোলাডাঙ্গা গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,সম্প্রতি ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশিকে জখম করেন লিবিয়ায় অবস্থান করা মানব পাচারকারী চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় বিভিন্ন উপায়ে মানব পাচার করেন তিনি।
স্থানীয়রা জানান, আব্দুস সামাদ আজাদ এক সময় লিবিয়ায় ছিলো। এরপর থেকে লিবিয়ায় মানবপাচারের সাথে জড়িয়ে পড়ে।
বার্তাবাজার/কে.জে.পি