অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রলীগ নেতা খুন

পাবনার চাটমোহরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা নিহত ও একজন আহত হয়েছে। নিহত হাবিবুর রহমান হাবিব (২১) উপজেলার হান্ডিয়াল নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সে হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর সরকারি কলেজর বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, রোববার বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ গং ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গং এর মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় বালিকা বিদ্যালয়ের গলিতে একদল যুবক হাবিব ও নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার পথে হাবিব মারা যায়। নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, আগে থেকেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল। রোববার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে হাবিবকে অস্ত্রাঘাত করা হয় বলে জানা গেছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর