করোনা আক্রান্ত হয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিওন)।
রোববার (১৫ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্ত্রী আসমা কামরান করোনা শনাক্তের পর গত ৪ জুন বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। তার পরদিন ৫ জুন পাওয়া রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিলে।
বদর উদ্দিন আহমদ কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি। ‘জনতার মেয়র’ হিসেবে খ্যাত কামরান করোনাকালে ত্রাণ কার্যক্রমে বেশ তৎপর ছিলেন। সিলেট মহানগরীসহ বিভিন্ন স্থানে তিনি ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন। তার সাথে স্ত্রী আসমা কামরানও সহযোগী ছিলেন। এই ত্রাণ বিতরণ করতে গিয়েই কোনওভাবে তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা বাজার/এস.আর/এসজে