নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে সরঞ্জামাদিসহ আটক করে এক ছাত্রলীগ নেতাকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতার নাম ওয়াসিম (২৪)। সে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
রোববার (১৪ জুন) বিকেলে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সম্মুখ থেকে তাকে আটক করার পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা অভিযুক্তকে এ সাজা প্রদান করেন।
ওয়াসিম উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ীর মৃত মতিউর রহমানের ছেলে।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার অপরাধের দায় সে নিজেই বহন করবে। এর দায় ছাত্রলীগ নেবে না।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা মাকসুদুর রহমান ওয়াসিমের সাজার বিষয় নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস