নববধূর সাথে অভিমান করে রিকশাচালক স্বামীর আত্মহত্যা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নতুন বিয়ে করা স্ত্রীর সাথে অভিমান করে শাহজাহান হাওলাদার (২৭) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার নলকাটা গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, সাত মাস আগে প্বার্শবর্তী কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে সুখী আক্তারের সাথে বিয়ে হয় শাহজাহানের। বিয়ের পর থেকেই শাহজাহানকে স্বামী হিসাবে মেনে নিতে পারছিল না সুখী। এক পর্যায়ে রাগ করে বাবার বাড়িও চলে যায়। এরপর বেশ কয়েকবার শাহজাহান তাকে আনতে গেলেও সে আসেনি।

রোববার আবারও স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান শাহজাহান, কিন্তু আগের মতই তাকে একা ফিরতে হয়। রাগে, অভিমানে বাড়ি ফিরে দুপুরের দিকে নিজ ঘরের আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান জানান, হাসপাতাল হতে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর