চট্টগ্রামের জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম পরিবহন ও শিল্প গ্রুপ এস আলম।
রোববার (১৪ জুন) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের জন্য মেডি ট্রেড নামক এক প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার হস্তান্তর করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন চৌধুরী।
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী বলেন, করোনার প্রাদুর্ভাবে বর্তমানে অক্সিজেনের প্রচুর চাহিদা বেড়েছে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের অভাবে অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। জনসাধারণের এই দুর্ভোগ লাঘব করতে এস আলমের চেয়ারম্যান সাহেব এস আলম গ্রুপের পক্ষ হতে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সংকট দূর করতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের উদ্যোগ নেন এবং তাঁরই নির্দেশে আজ মেডি ট্রেডকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়।
তিনি আরো জানান, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি সমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা। যার পুরো ব্যয় বহন করবে এস আলম গ্রুপ। আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছে মেডি ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক।
বার্তা বাজার / ডি.এস