বন্দর নগরী চট্টগ্রামের রেয়াজ উদ্দীন বাজারে অভিযান চালিয়ে বেশি দামে জীবাণুনাশক বিক্রির দায়ে ৫ দোকানদারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচ দোকানদারকে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, বিশ্বব্যাপী চলমান সংকট করোনার প্রাদুর্ভাবকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী জীবাণুনাশক নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রি করার সিন্ডিকেট গড়ে তুলেছে। এ ব্যাপারে বেশ কিছু অভিযোগ পাওয়া গেলে আজ রবিবার (১৪ জুন) রেয়াজউদ্দীন বাজারে ক্রেতার বেশে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকানে স্যাভলন, স্যানিটাইজার, লিকুইড হ্যান্ড ওয়াশের মূল্য যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ে ১ লিটার স্যাভলনের দাম জিজ্ঞেস করলে ৫০০ টাকার নিচে কেউ বিক্রি করতে রাজি হয়নি। অথচ এসব স্যাভলনের গায়ে মূল্য লেখা ২২০ টাকা। তাই অতিরিক্ত দামে জীবাণুনাশক স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার এবং লিকুইড হ্যান্ডওয়াশ বিক্রির দায়ে রূপসজ্জা কসমেটিকসকে ২০ হাজার, রফিক কসমেটিকসকে ১০ হাজার, ক্যাপ হাউসকে ৫ হাজার, ইলিয়াস কালেকশনকে ৫ হাজার এবং রাশেদ ক্যাপ হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস