পঞ্চগড়ে ঢাকা ফেরত দুই নারীসহ ৩ গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকা ফেরত ৩ গার্মেন্টস কর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। রবিবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ৩ জনের মধ্য একজনের বাড়ি সদর ইউনিয়নের নতুন বন্দর কলেজ পাড়া গ্রামে। সে ২৫ বছর বয়সী এক যুবতী। উপজেলার আরেকজনের বাড়ি সোনাহার ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে। সেও ২২ বছর বয়সী এক যুবতী। আক্রান্ত অপরজনের বাড়ি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে। সে ২০ বছর বয়সী এক যুবক ।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসিনুর রহমান জানান, সম্প্রতি তারা ঢাকা হতে নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরা সবাই ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতো।

গত ০৬ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১৪ জুন তাদের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং বর্তমানে তাদের করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৪৩ জনের নমুনা সংগ্রহ করার পর ১৫৯৮ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১১২জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ১১২ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ৩৪ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ০৮ জন এবং দেবীগঞ্জে ৪৮ জন।

ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৪১ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।

এদিকে করোনার উপসর্গে তেঁতুলিয়ায় ৫০ বছর বয়সী এক নারী, সদরে ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা ও ২২ বছর বয়সী এক যুবক,বোদায় ১৬ বছর বয়সী এক কিশোর ও দেবীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর