হবিগঞ্জের মাধবপুরে প্রেমিক বিষপান করেছে এমন খবরে শুনে কুলসুমা (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বিষপান করার মূমুর্ষ প্রেমিক হৃদয়কে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (রোববার) বিকালে উপজেলার নায়ায়ণপুর গ্রাম থেকে কুলসুমার (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই গ্রামের আনছর আলীর মেয়ে।
জানা যায়, কুলসুমা নয়াপাড়া এলাকার একটি গার্মেন্টস কারখানায় কাজ করে। সেখানেই হৃদয় নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুলসুমার। প্রেমের সম্পর্ক গভীর হওয়ার পর কুলসুমা জানতে পারে হৃদয়ের আরও এক স্ত্রী আছে। তখন হৃদয় কুলসুমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে।
এক পর্যায়ে কুলসুমা হৃদয়কে এড়িয়ে চলতে শুরু করলে সে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা চালায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ খবর শুনে কুলসুমা রোববার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। হৃদয়ের বাড়ি নয়াপাড়া রেল স্টেশন এলাকায়।
মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক মাহবুব রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে