বগুড়ায় যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে শহরের আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম আবু তালেব (৩২)। তিনি শহরের আকাশতারা এলাকার আবদুস সামাদের ছেলে ও যুবলীগের স্থানীয় সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহ আবু তালেব বালুসহ বিভিন্ন মালামালের ব্যবসা ও ঠিকাদারি করতেন। আজ (রবিবার) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে একটি সাবান কারখানার সামনে এসে পরিচিত কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় দেশি অস্ত্রে সজ্জিত ছয়-সাত জন তার ওপর হামলা চালায়। রামদা দিয়ে দুই হাত, দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপায় তারা। এরপর কাদার মধ্যে ফেলে গলা কেটে হত্যা করে।

কে বা কারা কী করণে তাকে হত্যা করেছে—এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না নিহতের স্বজনরা।

ওসি জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতা আবু তালেবকে কুপিয়ে হত্যা করা হতে পারে। হত্যার ক্লু উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। রবিবার বিকাল পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর