এবার আটক ভুয়া নারী পুলিশ

গাইবান্ধায় সিখা বেগম (৩২) নামের এক ভুয়া নারী পুলিশকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গাইবান্ধা বাস টার্মিনাল এলাকা থেকে তিনি গ্রেফতার হন।

আটককৃত সিখা বেগম গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া শাপলা মিল এলাকার রাকিবুল বারী অপুর স্ত্রী

জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের একজন সদস্য হিসাবে পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন আটককৃত সিখা বেগম। একইভাবে গত ১১ মার্চ গাইবান্ধার স্টেশন রোডের নিউ আল আমিন ট্রেডিং কোং-এর মালিক লিয়াকতের কাছ থেকে ৮৭০০ টাকার কাপড় কিনে পুলিশ পরিচয়ে সব টাকা বাকী রাখেন তিনি।

এরপর থেকে অনেকদিন পার হয়ে গেলেও দোকান মালিকের সাথে আর যোগাযোগ করেনি সিখা। টাকা দেওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না।

গতকাল (শনিবার) ওই দোকানের কর্মচারী শামছুল হকের সাথে বাস টার্মিনাল এলাকায় সিখার দেখা হয়ে যায়। তখন নিজেকে আড়াল করতে পুলিশে চাকরি করেনা বলে জানায় সিখা। ঘটনা কিছুক্ষনের মধ্যে জানাজানি হয়ে যাওয়ায় উত্তেজিত হয়ে পরে স্থানীয়রা।

পরে পুলিশে খবর দেয়া হলে সদর থানার এস আই আব্দুল কদ্দুস তখনই সঙ্গীয় ফোর্সসহ সেখানে উপস্থিত হয়। তারা ভূয়া পুলিশ পরিচয় দানকারী শিখা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন।

দোকান মালিক ফিরোজ আহমেদ বাদী হয়ে শিখা বেগমকে আসামী করে সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন (মামলা নং ৪৩, তাং ১৪/০৬/২০২০)।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, নারী পুলিশ পরিচয় দানকারী শিখা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ সেজে প্রতারণার অভিযোগে তার নামে প্রতারণার মামলা রুজু হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর