দিনাজপুরের বিরল ও হাকিমপুর উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিনয়নের ভান্ডারা সুইহারা গ্রাম ও সকাল ১০টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে এই পৃথক ২টি ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়।
মৃত্যুবরণ করা শিশুরা হলেন, জেলার বিরল উপজেলার রানীপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মিজানুর রহমানের ৭ বছরের কন্যা মোমিতা আক্তার ও একই ইউনিয়নের রানীপুকুর গ্রামের মতিয়ার রহমানের ৯ বছরের কন্যা সুলতানা পারভীন এবং হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিরপুর গ্রামের হাবিবুর রহমানের ৭ বছরের কন্যা হুমাইরা। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একই গ্রামের হুমায়ুন কবিরের ৪ বছরের কন্যা হিমুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন জানান, ভান্ডারা ইউনিয়নের সুইহারা গ্রামের আব্দুল হাকিমের বাড়ীর পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু মোমিতা আক্তার ও সুলতানা পারভীন। পরে পুকুরের পানিতে তলিয়ে যায় তারা। এলাকাবাসী পুকুরে খোজাখুজি করে ২ শিশুর মৃতদেহ উদ্ধার করে।
এদিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাঈদ জানান, সকাল ১০টায় বাড়ীর পাশে হিমু ও হুমাইরা বাড়ীর পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায়। বিষয়টি এলাকাবাসী দেখে পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক হুমাইরা আক্তারকে মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার / ডি.এস