ঠাকুরগাঁওয়ের দুই শিশু নির্যাতনকারী সেই ইউপি সদস্য গ্রেফতার

সম্প্রতি ঠাকুরগাঁওয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে নির্মমভাবে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগে পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপির ৪ ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গতকাল (শনিবার) মধ্যরাতে র‌্যাব-১৩ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলার কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে সন্ধ্যায় একই মামলার আরেক অভিযুক্ত জিয়াবুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলায় ৭ জনকে আসামী করে নির্যাতনের শিকার শিশু সুমনের মা সরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় মূল আসামি ইউপি সদস্যসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউপির দেওধা গ্রামের ইউনুস আলীর মোবাইল চুরির অভিযোগে ওই দিন ইউনুস আলী প্রতিবেশী ফরজতুল্লাহর ছেলে সুমন (১৩) ও আব্দুল গফুরের ছেলে কামরুলকে (১৫) তার বাসায় ডেকে নেয়। এ সময় দুই শিশুর হাত-পা বেঁধে শালিসের নামে ৪নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলামের নেতৃত্বে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর