সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকার আগারগাওয়ের ন্যাশনাল ল্যাবে পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭, সুনামগঞ্জে ৯২, মৌলভীবাজারে ১৩ ও হবিগঞ্জে ১৩ জন রোগী শনাক্ত হন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩০৮ জন।
সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওসমানীর ল্যাবে শনিবার মোট ১৮১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা।
এদিকে- দুটি ল্যাবের রিপোর্ট হিসেবে সুনামগঞ্জে একদিনে ৯২ জন রোগী শনাক্ত হন।
এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ল্যাব থেকে ৬১ জন এবং ঢাকা থেকে আরো ৩১ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
শনিবার ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে মৌলভীবাজার জেলায় নতুন করে ১৩ জন ও হবিগঞ্জে ১৩ জন রোগী শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্য আছেন।
বার্তাবাজার/এমকে