শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
এতে আহত হয়েছে মহিলাসহ কমপক্ষে ৭ জন। এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (১০ জুন) রাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নজরুল ইসলাম সরদার (৪০), কিল্টু শিকদার (২২), সজিব মোড়ল (২৩), রুমানা বেগম (৩০), মনি বেগম (৪৫), হাসিনা বেগম (২৮) ও বানু বিবি (৬৫)। আহত সকলকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযোগটি উঠে স্থানীয় কমলা বেগম ও তার লোকজনের ওপর।
স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা জানু সরদার ও প্রতিবেশি কমলা বেগমের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত বুধবার রাতে কমলা বেগম ও তার সন্ত্রাসী বাহিনীর ২০/২২ জন নিয়ে মুক্তিযোদ্ধা জানু সরদারের বাড়ী-ঘর ভাংচুর করে ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র লুট করতে থাকে। তখন বাঁধা দিতে গেলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের রামদা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে অন্তত ৭ জনকে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার অনেকেই জানান, কমলা বেগমের ছেলে ও তার সন্ত্রাসী বাহিনী মাদক ব্যবসায় জড়িত। তারা এলাকায় সন্ত্রাসী সৃষ্টি করেছে। তাই ওই বাহিনীর ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা। মুখ খুললে বা প্রতিবাদ করলে তাদের চালানো হয় অত্যাচার। তাই ভয়ে এলাকার কেউ কিছু বলতে পারছে না।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা জানু সরদার জানান, দীর্ঘদিন যাবত তার জমি জোর করে দখলের পায়তারা করছে কমলা বেগম। তাই কমলা বেগম বিভিন্ন সময় বিভিন্ন কৌশল খাটায়। কখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি, কখনো রাতের আধারে বাড়ি-ঘরে অতর্কিত হামলা চালায়। ঘরের বাইরে থাকা আসবাবপত্র নিয়ে যায়।
ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কমলা বেগমদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা মুক্তিযোদ্ধা পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করছি।
বার্তা বাজার / ডাব্লিও.ডি