উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৯ জনে। আক্রান্ত ৪ জন নমুনা দেয়ার পর কর্মস্থলে ফিরে গেছেন।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলায় আক্রান্ত ব্যক্তির বাসা শহরের মন্দিরপাড়ায়, তিনি ঢাকা ফার্মগেট এলাকায় এগ্রিকালচার অফিসে কর্মরত। সম্প্রতি তিনি ঠাকুরগাঁওয়ে আসলে নমুনা পরীক্ষা করতে দিয়ে ৩দিন অপেক্ষা করার পর আবারও ঢাকা চলে যান। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। নমুনা দেওয়ার ১০ দিন পর জানা গেলাে তিনি করােনা পজিটিভ। এদিকে হরিপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন তিনজন। এদের মধ্যে দুইজন ঢাকায় গার্মন্টসে চাকুরী করেন এবং দুজন গত ৩ও ৪ জুন নমুনা পরীক্ষা করতে দিয়ে আবারও ঢাকায় ফিরে যান। বর্তমানে তারা ঢাকায় অবস্থান করছেন। এছাড়া হরিপুর পল্লীবিদ্যুৎ এরিয়া অফিসের একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তার গ্রামের বাড়ী রংপুরে, ঈদে বাসায় গিয়ে সে ঈদ পালন করে পুনরায় তার রংপুরের কর্মস্থলে যােগ দেন। পরে সন্দেহ হলে নমুনা পরীক্ষা করতে দেন এবং তার করােনা পজিটিভ রেজাল্ট আসে।
উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪২ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪১ জন, হরিপুর উপজেলায় ২৮ জন, রাণীশংকৈল উপজেলায় ২২ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন।
এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
বার্তা বাজার / ডাব্লিও.ডি