পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকা ও গাজীপুর ফেরত ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। শনিবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার আক্রান্তদের ৬ জনের মধ্যে ৪ বাড়ি পামুলি ইউনিয়নের আহমদনগড় গ্রামে। তাদের বয়স ৪৩-২৬ বছরের মধ্যে। এ ইউনিয়নের আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী।
উপজেলার অন্য ২ জনের বাড়ি দন্ডপাল ইউনিয়নের বোগা পাড়া ও কালিগঞ্জ গ্রামে। তাদের বয়স ২৬-২২ বছরের মধ্যে। এ ইউনিয়নের আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসিনুর রহমান জানান, গত ৩ জুন সবাই ঢাকা ও গাজীপুর হতে নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরা সবাই ঢাকা ও গাজীপুরে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতো।
গত ০৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১৩ জুন তাদের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং বর্তমানে তাদের করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৩৯ জনের নমুনা সংগ্রহ করার পর ১৫৫৫ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১০৭ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ১০৮ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ৩৩ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ০৮ জন এবং দেবীগঞ্জে ৪৪ জন। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৪১ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।
এদিকে করোনার উপসর্গে তেঁতুলিয়ায় এক নারী, সদর এক যুবক,বোদায় এক কিশোর ও দেবীগঞ্জে এক কিশোরী মারা গেছে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি